ফরিদপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৪০ জন।
সোমবার মাঝারদিয়া গ্রামে সংঘর্ষে রঞ্জিত ফকির (৩৬) আহত হন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাঝারদিয়া গ্রামের বাসিন্দা ওয়াহিদুর রহমান সাংবাদিকদের বলেন, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মাঝারদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের সমর্থকরা সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে।
চেয়ারম্যান শাহিদুজ্জামান দ্বন্দ্বের কথা স্বীকার করে রঞ্জিতের খুনিদের বিচার দাবি করেন।
সাবেক চেয়ারম্যান হামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিনুর আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
নগরকান্দা থানার ওসি শংকর কুমার দাস জানান, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24