২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বাড়িতে র‌্যাবের তদন্ত দল

র‌্যাবের গুলিতে লিমন হোসেনের পা হারানোর ঘটনা তদন্তে র‌্যাবের তিন সদস্যের একটি দল ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

বরিশাল, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে লিমন হোসেনের পা হারানোর ঘটনা তদন্তে র‌্যাবের তিন সদস্যের একটি দল ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গেছে। র‌্যাব-৮ এর এক নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত দলের সদস্য অতিরিক্ত ডিআইজি ও পরিচালক (ট্রেনিং) মো. মেজবাহ উদ্দিন, পরিচালক (তদন্ত) মেজর নাজমুল হক ও এএসপি মাহফুজুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে জমাদ্দারহাটে পৌঁছান। রাশেদুল বলেন, "তদন্ত দল সোমবার বরিশালে এসেছে। মঙ্গলবার তারা ঘটনাস্থলে গিয়ে লিমনের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।" যাকে গ্রেপ্তারের উদ্দেশে ঘটনার দিন র‌্যাব জমাদ্দারহাটের সাতুরিয়ায় অভিযান চালিয়েছিলো, সেই মোর্শেদের বিচারের দাবিতে স্থানীয়রা মঙ্গলবার বিক্ষোভ করেছে।" মামলা না নেওয়ার অভিযোগ লিমনকে গুলি করার ঘটনায় র‌্যাবের ছয় সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের মামলাটি রাজাপুর থানায় এজাহার হিসেবে অর্ন্তভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। লিমনের মা হেনুয়ারা বেগম গত রোববার ঝালকাঠীর বিচার বিভাগীয় হাকিম নুসরাত জাহানের আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে রাজাপুর থানার ওসিকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম বলেন, "ওসি শনিবার থেকে ছুটিতে রয়েছেন। এ কারণে দেরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে।" এদিকে লিমনের ভাই সুমন হোসেন অভিযোগ করেছেন, মামলা তুলে নিতে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কখনো মানবাধিকার সংস্থার লোক পরিচয়ে, আবার কখনো নাম পরিচয় গোপন রেখে ভয়ভীতি দেখানো হচ্ছে। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র‌্যাবের গুলিতে আহত হন লিমন। আহত হওয়ার কয়েকদিন পর তার বাম পা কেটে ফেলতে হয়। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে র‌্যাব দুটি মামলাও করেছে। লিমন হোসেনের ঘটনাটি পাঁচ ধাপে তদন্ত হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৮৩০ ঘ.