ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সোমবারের বৈঠকের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এর কো-চেয়ারম্যান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "প্রধানমন্ত্রী কী বলেছেন- এখন বলা যাবে না। যখন সময় হবে তখন জানা যাবে। সংসদে তা বিল আকারে আসবে"।
মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে গণমাধ্যমকে জানানোর সময় এখনো আসেনি বলে মনে করেন কমিটির কো-চেয়ারম্যান।
"এক্ষেত্রে লুকানোর কিছু নেই", বলেন সেনগুপ্ত।
মঙ্গলবার সন্ধ্যায়ও প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠকে বসবে এই বিশেষ কমিটি।
সংসদীয় বিশেষ কমিটি এ পর্যন্ত তাদের ১৫টি সভার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে সোমবার। কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ সদস্যের এ কমিটির অধিকাংশ সদস্যই এ সময় উপস্থিত ছিলেন।
সোমবারের বৈঠক সম্পর্কে কো-চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে পরামর্শ, অভিজ্ঞতা, নির্দেশাবলী, মতামত তুলে ধরেন। প্রতিটি বিষয় নিয়ে খোলামেলা কথা হয়েছে।
সময়ে সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো আলোচনা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কী কথা হয়েছে সেটা নিয়ে কমিটির কোনো সদস্য কিছু বলেন নি।"
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ কমিটির সঙ্গে একমত হয়েছেন কিনা জিজ্ঞেস করা হলে সুরঞ্জিত জানান, তত্ত্বাবধায়ক সরকারে মেয়াদ ৯০ দিন হবে, নাকি ছয় মাস হবে সে বিষয়ে লুকানোর কিছু নেই।
"যথা সময়ে সেটা প্রকাশ করা হবে। আর সংসদে তো সংবিধান সংশোধন নিয়ে বিল আসবে। তখন সবাই জানতে পারবে।"
মঙ্গলবার বিশেষ কমিটি'র বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয় নি। বুধবার আবার বৈঠকে বসবে কমিটি।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়।
সংবিধান সংশোধনের কাজ শেষ হওয়ার পর বিল আকারে তা সংসদে উত্থাপনের জন্য আগামী মে মাসে বিশেষ অধিবেশন ডাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24