২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধনে কমিশন গঠন অসাংবিধানিক'

সংবিধান সংশোধনে কমিশন গঠনের সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে কমিশন গঠনের সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার সংসদ ভবনের প্রচারকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংবিধান সংশোধনে কমিশন গঠন করার দাবির প্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, সংবিধান সংশোধনের কাজ যতই গুছিয়ে আনা হচ্ছে ততই নতুন নতুন কথা বলে বিতর্ক সৃষ্টির জন্য একটি মহল চেষ্টা চলাচ্ছে। "সাংবিধানিক ও গণতান্ত্রিক রীতি মেনেই সংবিধান সংশোধন করা হচ্ছে। আপনারা [বিএনপি] এখন বলছেন কমিশন করতে হবে- এটা তো সংবিধানে লেখা নেই। কমিশন করার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। বিশেষ কমিটিতে সাংবিধানিকভাবে সব দলের প্রতিনিধি রাখা হয়েছে।" সংবিধান সংশোধনে কমিশন গঠনে জ্যেষ্ঠ আইনজীবী ও ৭২'র সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেনের বক্তব্যের সমালোচনা করেন সুরঞ্জিত। বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির এ সভাপতি বলেন, জনগণ ও সংসদ রচিত সংবিধান পদদলিত করে বিএনপিই সংবিধান চাপিয়ে দিয়েছিলো, পঞ্চম সংশোধনী করেছিলো। সোমবার মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, চাপিয়ে দেওয়া সংবিধান জনগণ মেনে নেবে না। এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান সংশোধনের সময় বিএনপি তো কোনো রাজনৈতিক দলকে ডেকেছে বলে শুনিনি, কমিশন বসেছে বলে শুনিনি। তারা [বিএনপি] স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে পদদলিত করেছে, সব শেষে পঞ্চম সংশোধনী চাপিয়ে দিয়েছে। আর যে-ই বলুক, বিএনপি'র মুখে এ কথা শোভা পায় না। সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে বিএনপিকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বিরোধী দলকে কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে বিশেষ কমিটিতে অংশ নিয়ে প্রয়োজনে ভিন্নমত থাকলে 'নোট অব ডিসেন্ট' দেওয়ার পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/১৮১৩ ঘ.