২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নববর্ষে নিরাপত্তায় ১ হাজার পুলিশ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ (বৃহস্পতিবার) চট্টগ্রাম নগরী জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে এক হাজার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ (বৃহস্পতিবার) চট্টগ্রাম নগরী জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে এক হাজার পুলিশ। এছাড়া ওইদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ডিসি হিল সংলগ্ন চারটি ও সিআরবি সংলগ্ন তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে 'মাসিক অপরাধ পর্যালোচনা সভা' শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার আবুল কাশেম। তিনি জানান, এবার নগরীতে ছোট বড় মিলিয়ে ৩৫টি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "এ লক্ষ্যে সোমবার থেকে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পহেলা বৈশাখের দিন সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ট্রাফিক ব্যবস্থা করা হবে। এছাড়া র‌্যাবও দায়িত্ব পালন করবে।" এবার নগরীর ডিসি হিল, সিআরবি এলাকায় শিরিষ চত্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা ইন্সটিটিউট, শিল্পকলা একাডেমী, বাওয়া স্কুল মাঠ, পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফয়েস লেকসহ বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, আগামী বছর থেকে সিএমপির পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। তবে এবার আমরা আয়োজকদের নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামরার ব্যবস্থা করতে অনুরোধ করেছি। এছাড়া যেসব এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওইসব এলাকার নিরাপত্তার পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ তল্লাশি করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি অনুমোদনহীন কোনো দোকান বা স্টল মেলা প্রাঙ্গনে স্থাপন না করার আহ্বান জানান তিনি। মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে গত ফেব্র"য়ারি ও মার্চ মাসের সেরা পুলিশ সদস্যের নাম ঘোষণা করা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন গত দুই মাসের সেরা পুলিশ সদস্য নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/১৭১৫ ঘ.