ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌর বিদ্যুৎ, বায়ুচালিত কল ও বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকলকে আরো সক্রিয় হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মঙ্গলবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (ইডকল) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দু'বছরসহ সাত বছরে দেশের জ্বালানি খাতে কোনো অগ্রগতি হয়নি। এজন্য বিদ্যুৎ উৎপাদনে আরো বেশি গতিতে কাজ করতে হবে।
পার্বত্য ও উপকূলীয় এলাকার জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে সৌর প্যানেল ও বায়ুচালিত বিদ্যুৎ কলের মতো নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্যও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন বলে আবুল কালাম আজাদ জানান।
ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী, মুখ্য সচিব এম এ করিম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৭০৮ ঘ.
bdnews24