২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশদের পেটালো ঢাবি ছাত্ররা

সড়কে সঙ্কেত অমান্য করা নিয়ে তর্কাতর্কির জের ধরে কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জ্বালিয়ে দিয়েছে একটি মটর সাইকেল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়কে সঙ্কেত অমান্য করা নিয়ে তর্কাতর্কির জের ধরে কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জ্বালিয়ে দিয়েছে একটি মটর সাইকেল। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কলাবাগানের রাসেল স্কয়ারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর থেকে মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাহী দুটি দোতলা বাস সিগন্যাল অমান্য করলে এক জন সার্জেন্ট বাস থামায়। তখন ছাত্ররা নেমে তর্কাতর্কি শুরু করে। "এক পর্যায়ে ছাত্ররা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মারধর শুরু করে এবং পুলিশের একটি মটর সাইকেল জ্বালিয়ে দেয়", বলেন তিনি। মিজান জানান, হামলায় একজন সহকারী পুলিশ কমিশনারসহ সাত জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- সহকারী কমিশনার জামাল পাশা, সার্জেন্ট মাজহারুল ইসলাম, ফোরকান হোসেন ও অলীপ কুমার মণ্ডল। এর মধ্যে গুরুতর আহত মাজহারকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ফেটে গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সার্জেন্ট অলীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিগন্যাল অমান্য করলে আমাদের সহকর্মী মাজহার ছাত্রদের বলেন, আপনারা শিক্ষিত ও সচেতন হয়ে এ রকম কেন করছেন? তখন ছাত্ররা তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে আশপাশে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় ছাত্ররা।" অলীপের পোশাক ছেঁড়া ও শরীরে মারামারির চিহ্ন দেখা গেছে। সংঘাতের পর ছাত্রবাহী বাস দুটি বিশ্ববিদ্যালয় অভিমুখে চলে যায় বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, পুলিশের সঙ্গে মারামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন জন ছাত্রও আহত হয়েছে। যাদের ছাত্ররা হাসপাতালে নিয়ে আসে। ছাত্ররা হাসপাতালে অবস্থানের সময় আহত এক জন পুলিশ সদস্যকেও সেখানে নিয়ে যায় তার সহকর্মীরা। তখন ছাত্ররা পুলিশ সদস্যদের ধাওয়া করে। তাড়া খেয়ে আহত সহকর্মীকে নিয়েই চলে যান পুলিশ সদস্যরা। ছাত্রদের আহত হওয়ার বিষয়ে ট্রাফিক সার্জেন্ট অলীপ বলেন, "ধস্তাধস্তির সময় ছাত্রদের দুই-একজনও আহত হয়ে থাকতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/১১৩০ ঘ.