২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে চীনা প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড। ২৪৩ কোটি টাকা ব্যয় প্রস্তাব সম্বলিত এ প্রতিষ্ঠানের দরপত্র প্রস্তাবটি সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির মূলতবি সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। রোববার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাকক্ষে ক্রয় কমিটির সভা শুরু হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, সভায় বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের দরপত্রসহ এক লাখ টন চাল ও গম এবং সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি কেনার দরপত্র অনুমোদন দেওয়া হয়। 'ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইন'-এর আওতায় বিআরটিসি'র জন্য ২৯০টি দোতলা বাস কেনার দরপত্র অনুমোদন দেওয়া হয় সভায়। ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি এ বাস সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৬৭ লাখ টাকা। সভায় গোপালগঞ্জ-সিংগাতি সড়কে ৫৮৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণে ৫৭ কোটি ৬০ লাখ টাকা এবং কয়েকটি প্যাকেজে চট্টগ্রাম ওয়াসার ৩০২ কোটি ৪৭ লাখ টাকার দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া সভায় সিঙ্গাপুরের কোম্পানি পেট্রোলিমেক্স এবং চীনের কোম্পানি পেট্রোচায়না ইন্টারন্যাশনালের কাছ থেকে জ্বালানি তেল কেনার প্রিমিয়াম অনুমোদন করে কমিটি। পেট্রোলিমেক্সের কাছে থেকে চলতি বছরে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন হাই-সালফার ফার্নেস অয়েল কেনা হবে। এর মধ্যে জানুয়ারি-জুন প্রান্তিকে কেনা হবে ৬০ হাজার টন। এতে প্রতি মেট্রিক টনের প্রিমিয়াম ধরা হয়েছে ৩২ মার্কিন ডলার। পেট্রোচায়নার কাছ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন প্রান্তিকে প্রতি ব্যারেল তিন দশমিক ১৪ ডলার প্রিমিয়ামে ৯০ হাজার মেট্রিক টন ডিজেল, ব্যারেল প্রতি চার দশমিক ১০ ডলার প্রিমিয়ামে ১০ হাজার মেট্রিক টন কেরোসিন, চার দশমিক ১০ ডলার প্রিমিয়ামে ১০ হাজার মেট্রিক টন জেড এ-১ ফুয়েল এবং সাত দশমিক ০৫ ডলার প্রিমিয়ামে ১০ হাজার মেট্রিক টন মোগেজ কেনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৪১ ঘ.