২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিতুলের চাকরির মেয়াদ দুই বছর বাড়লো

ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক পদে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি আফম মহিতুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক পদে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি আফম মহিতুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এ নিয়োগের আদেশ জারি করে। ২০১০ সালের ২২ ফেব্র"য়ারি ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান মহিতুল। তার চুক্তির মেয়াদ ১ এপ্রিল শেষ হয়। চুক্তির ধারাবাহিকতা রক্ষায় ওইদিন থেকেই অথবা তার কাজে যোগ দেওয়ার দিন থেকে নতুন মেয়াদের নিয়োগ কার্যকর হবে। ১৯৭৫ সালে মহিতুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হওয়ার পর ১৯৯৬ সালে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের মহাপরিচালকসহ কয়েকটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। এনএসআই মহাপরিচালক পদে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুর আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে। গত ১৭ মার্চ তার আগের নিয়োগের মেয়াদ শেষ হয়। ওইদিন থেকে, অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে নতুন নিয়োগ কার্যকর হবে। অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মহাব্যবস্থাপক (প্রকৌশলী) মৃদুল কান্তি দে'র পিআরএল বাতিল করে এক বছরের জন্য এবং পিআরএল-এ থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেনকে ছুটি বাতিলের শর্তে এক বছর মেয়াদে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলতি দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামানকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সফিপুর আনসার-ভিডিপি একাডেমীর মহিলা আনসার ব্যাটালিয়ন-২ এর উপ-অধিনায়ক সালমা সিদ্দিকাকে এসএসএফের সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৮৫৬ ঘ.