ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বকশীবাজারে অবস্থিত জাতীয় অন্ধ সংস্থার নামে বরাদ্দ দেওয়া বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট।
সংস্থার সভাপতি মিনহাজ উদ্দিন ও মহাসচিব মো. আইযূব আলী হাওলাদারের রিট আবেদনে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ওই বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কেনো বাতিল করা হবে না, তাও জানাতে বলা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক (প্রশাসন), ঢাকার জেলা প্রশাসক, লালবাগ ও বকশিবাজার থানার ওসিকে এর জবাব দিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও মো. আশেক মোমিন।
আদেশের পর রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭০ সালের ১০ নভেম্বর বকশিবাজারের ৬ নম্বর অরফানেজ রোডস্থ বাড়িটি জাতীয় অন্ধ সংস্থার নামে বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে।"
তিনি বলেন, "চলতি বছরের ১৩ মার্চ ঢাকার জেলা প্রশাসক বাড়িটির বরাদ্দ বাতিল করে এবং সরকারকে বুঝিয়ে দিতে নির্দেশনা দেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮৫৬ ঘ.
bdnews24