২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন অযৌক্তিক'

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন দুর্বল এবং তা যুক্তিসঙ্গত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন দুর্বল এবং তা যুক্তিসঙ্গত নয়। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাকিদের এ কথা বলেন দীপু মনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে দুর্বলতা রয়েছে এবং এটি যুক্তিসঙ্গত নয়। এর গবেষণা এবং তথ্যসূত্র অপর্যাপ্ত। গত সপ্তাহে ২০১০ সালের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনী হেফাজতে মৃত্যু, অত্যাচার, অযৌক্তিক গ্রেপ্তারও করছে। র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর বিচার-বহির্ভূত হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিষয়টিতে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়। দীপু মনি বলেন, তারা সংবাদপত্র, বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য ব্যক্তিগত উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন যা নির্ভরযোগ্য নয়। "তবে সরকার যেকোনো দেশ বা সংগঠনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।" ড. মুহাম্মদ ইউনূস বিষয়েক কেন্দ্র করে প্রতিবেদনটি নেতিবাচক হয়ে থাকতে পারে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনটি প্রকাশ হয় বাৎসরিক ভিত্তিতে এবং তিনি মনে করেন না ইউনূস বিষয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। "বাংলাদেশ সার্বভৌম এবং সরকার আইনানুগ যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ভিন্ন ভাবনা থাকতে পারে।" আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে কর্মরত ১২০ বাংলাদেশি পুলিশ সদস্যের আবাসে হামলাকারীদের বিরুদ্ধে জাতিসংঘ অভিযান শুরু করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশের তেল খাতের উন্নয়নে একটি চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ান গাজপ্রমের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও জানান তিনি। রাশিয়া সফরে রোসাটমের মহাপরিচালকের সঙ্গে পরমাণু সহযোগিতার বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুমাসের মধ্যে একটি আন্তর্জাকি কর্মশালা হবে। "প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফর করে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আনুষ্ঠানিক চুক্তি করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯৫৭ ঘ.