বরিশাল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক র্যাব সদস্যকে পরিবারের সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
নিহতের নাম অমল ঘরামী (২৫)। সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান তিনি।
অমল মেহেন্দীগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের ব্যাংকের হাট গ্রামের বাসিন্দা যদুনাথ ঘরামীর ছেলে। উপ-পরিদর্শক (এসআই) অমল র্যাব-১১ এ কর্মরত ছিলেন।
স্ত্রী দীপালী ঘরামীর অভিযোগ, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ থেকে অমলের মা, ভাইসহ স্বজনরা তাকে হত্যা করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, বিষপানে মৃত্যু হয়েছে অমলের।
দীপালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাশুড়ি রূপা লক্ষ্মী ঘরামী (অমলের মা) পৈত্রিক সূত্রে বাবার বাড়ির অনেক সম্পত্তির মালিক হন। সে সম্পত্তি তিনি বড় ছেলে বিমল ঘরামীর নামে লিখে দিয়েছেন।
"অমল এ নিয়ে কথা তুললে গতকাল (রোববার) মা-ভাইয়ের সঙ্গে তার ঝগড়া হয়। রাত ৯টার দিকে একটি মোবাইল কল আসার পর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ১১টার দিকে তার মোবাইলে কল করা হলে অপরিচিত এক ব্যক্তি ফোন ধরেন। ওই সময় চ্যাঁচামেচির শব্দ পাওয়া যাচ্ছিলো", বলেন তিনি।
সোমবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক লোক মোবাইলে ফোন করে দীপালিকে জানায়, অমল অসুস্থ এবং হাসপাতালে রয়েছে। হাসপাতালে গিয়ে অমলকে মৃত অবস্থায় পায় তার স্ত্রী।
অমলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে দীপালী জানান, তিনি এ ঘটনায় হত্যামামলা করবেন।
মা রূপা, ভাই বিমল ও তার স্ত্রী মনি ঘরামী এবং দূর সম্পর্কের আত্মীয় স্বপন শীল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দীপালীর দাবি।
অমল দুই সন্তানের জনক, স্ত্রী দীপালী ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালের সেবিকা হিসেবে কর্মরত। স্ত্রী সন্তানদের নিয়ে অমল ঢাকায় থাকেন। শুক্রবার বাড়ি এসেছিলেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অমল ঘরামী বিষপানে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও হত্যার অভিযোগ করেছে স্ত্রী।
ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24