ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রকাশ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে 'গণতান্ত্রিক বাজেট আন্দোলন' নামে একটি সংগঠন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংগঠনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রকাশ করে বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের তাদের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে।
সেই সঙ্গে দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের আলোকে না করে নিজস্ব উন্নয়ন দর্শনের আলোকে পঞ্চবার্ষিক পরিকল্পনা করার দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য প্রকৌশলী হেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস করিম।
গিয়াস বলেন, "জনসাধারণের অংশগ্রহণ, মতামত ছাড়া এ পঞ্চবার্ষিক পরিকল্পনা আংশিক হবে। এটির খসড়া হয়ে গেলেও এখনো জনগণ জানে না খসড়ায় কী আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24