ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকদের প্রতিদিন দু'ঘণ্টা করে কর্মবিরতি পালনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর মেয়র হেলাল উদ্দিনের সঙ্গে চিকিৎসকদের আলোচনার পর কর্মবিরতি স্থগিত করা হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের অনুরোধে চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করেছে।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনের মধ্য দিয়ে চিকিৎসকরা এ কর্মসূচি শুরু করেছিলো।
শনিবার জরুরি বিভাগের চিকিৎসক তোফায়েল হককে উত্তর পৈরতলা গ্রামের কয়েক যুবক মারধর করে। পরদিন এ ঘটনায় হাসপাতালের নার্স মাহাবুব রশীদ বাদি হয়ে থানায় মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি নিষ্পত্তির জন্য পৌর মেয়র হেলাল উদ্দিন দায়িত্ব নিয়েছিলেন।
এ মামলায় এখানো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৬ ঘ.
bdnews24