যশোর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হন দু'জন।
শনিবার গভীর রাতে গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা নিহত হন মো. মোজাফ্ফর (২৬)। তিনি মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের বাসিন্দা।
আহত মুস্তাফিজুর রহমান ও শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে তারা বাড়ি ফিরছিলেন।
পথে এলাকার মামুনসহ ৫/৬ জন অতর্কিতে তাদের ছুরিকাঘাত করে চলে যায়।
পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে মোজাফ্ফরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
মুস্তাফিজুর রহমান আরো জানান, কিছুদিন আগে তাস খেলাকে কেন্দ্র করে এলাকার মামুনসহ কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
কেশবপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১১ ঘ.
bdnews24