২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা নামক স্থানে সিএনজি চালিত অটো রিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা নামক স্থানে সিএনজি চালিত অটো রিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। নিহতরা হলেন অটোরিকশা চালক সীতাকুণ্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের এরশাদ উল্লাহর ছেলে মো. সালাউদ্দিন (২২) এবং ফেনীর দাগনভূঁইয়া এলাকার মো. ইয়াসিনের ছেলে মোহাম্মদ সোহেল (৩০)। সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ৩টার দিকে পন্থিছিলায় মিরসরাইমুখী যাত্রীবাহী অটো রিকশা এবং চট্টগ্রামমুখী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সোহেল। ট্রাকটি আটক করা হলেও এর চালক ও এর সহকারী পালিয়ে গেছে। আহতরা হলেন মিরসরাই উপজেলার দেলোয়ার হোসেন (৬০), স্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপের কর্মী মো. দেলোয়ার (২৬) এবং অজ্ঞাত পরিচয়ের এক তরুণী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮০৬ ঘ.