২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের ঘটনা তদন্ত হচ্ছে: আইজিপি

ঝালকাঠীর এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্ত র‌্যাবই করছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার। তবে তদন্তকারীদের ওপর আস্থা রাখছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 08:28 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্ত র‌্যাবই করছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার। তবে তদন্তকারীদের ওপর আস্থা রাখছেন তিনি। রোববার পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক তদন্তের বিষয়টি জানান। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র‌্যাবের অভিযানের সময় গুলিবিদ্ধ হন লিমন। তার দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। র‌্যাবের বিরুদ্ধে রোববার একটি মামলাও করেছেন লিমনের মা হেনুয়ারা বেগম। র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার ঘটনাটি ওই বাহিনীকে দিয়েই তদন্ত করলে তাতে গাফিলতি হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে হাসান মাহমুদ বলেন, "র‌্যাবের মধ্যে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যারা আন্তরিকভাবে কাজ করে সঠিক ঘটনাটি বের করে আনতে পারবেন।" পায়ে গুলিবিদ্ধ লিমন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে র‌্যাব দুটি মামলাও করেছে। পুলিশের অন্তর্ভুক্ত সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাবের বিরুদ্ধে এর আগেও নিরীহ মানুষকে গুলি এবং হত্যার অভিযোগ রয়েছে। এ বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৪৩০ ঘ.