ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরে শনিবার বিকালে একজন পোশাক ব্যবসায়ীকে একদল অস্ত্রধারী বিয়ের অনুষ্ঠান থেকে জোর করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যবসায়ীর সন্ধান মিলছে না বলে অভিযোগে বলা হয়েছে।
সুত্রাপুর থানার উপপরিদর্শক আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালকুঠি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন তারিক আহমেদ রানা (৩৫) নামের ওই ব্যবসায়ী। একদল অস্ত্রধারী তাকে তুলে নিয়ে মাইক্রোবাসে উঠিয়ে চলে যায় বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রানার ভাই মামুনুর রশিদ শনিবার সন্ধ্যায় এই জিডি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। প্রত্যক্ষদর্শী, আত্মীয়স্বজনসহ অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। তবে রানার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২২২৬ ঘ.
bdnews24