চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে একটি মহল মৌলবাদ ও জঙ্গিবাদীদের উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেছেন, ওই মহল বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তান বানানোর চেষ্টা করছে।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কামরুল বলেন, "৪০ বছর আগে যাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখনো তাদের বিরুদ্ধেই লড়াই চলছে। একাত্তরের ঘাতক-দালাল, যারা মা-বোনদের 'গনিমতের মাল' আখ্যায়িত করে অত্যাচার-নির্যাতন করেছিল যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে তারা এখনো সক্রিয়।"
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুচ্ছফা তালুকদার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন কামরুল। নুরুচ্ছফা বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাবা।
সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন অ্যাডভোকেট নুরুচ্ছাফার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "এখন সাংবাদিকরা কোনো তথ্য পেলে তার গভীরে না গিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে ফেলেন। যে কোনো পেশায় এখন সৎ লোকের অভাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24