চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসকে 'হয়রানি'র মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
শনিবার চট্টগ্রামে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশির পক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি সরকারের প্রতি বলেন, "গ্রামীণ ব্যাংককে ধ্বংস করবেন না। এটি যাতে কার্যকরভাবে বেঁচে থাকে সে জন্য উদ্যোগ নিন।"
"পৃথিবীর সব সরকারেরই অপকর্ম করার ক্ষমতা বিশাল হলেও ভালো কাজের ক্ষমতা কম। আমরা চাই, গরিব মানুষের অপকার না করে আপনারা (সরকারকে) উপকার করুন", বলেন তিনি।
'নোবেলজয়ী ইউনূস সুহৃদ-চট্টগ্রাম'র উদ্যোগে 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ড. মুহাম্মদ ইউনূস' শীর্ষক এ আলোচনা সভা হয় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
আকবর আলি বলেন, "ইউনূস আদালতে গিয়ে প্রমাণ করেছেন শুধু বয়সের কারণেই তাকে অপসারণ করা হয়েছে। সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে কর্মকর্তাদের বয়সের সীমারেখা নেই। সুতরাং ইউনূসের ক্ষেত্রে মানতে সমস্যা কোথায় ছিলো?"
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে তা বয়সের বিষয়টি কয়েকজন মন্ত্রী বলে আসছিলেন।
ইউনূস দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বীকার বলে দাবি করেন সাবেক সচিব আকবর। তিনি বলেন, "তাকে নিয়ে আদালতে বিচার হচ্ছে। কিন্তু এসব কাদা ছোড়াছুঁড়ি যারা করছেন, তাদের বিচার ইতিহাসের আদালতে একদিন হবে।"
ইউনূসের 'দারিদ্র্য তত্ত্ব' সব সমস্যা সমাধান করে না দিলেও তাতে তার কৃতিত্ব খাটো হয় না বলে মনে করেন আকবর।
গ্রামীণ ব্যাংকে সুদের উচ্চ হারের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, "আমার মতে চ্যারিটির মাধ্যমে দরিদ্র মানুষের সমস্যার সমাধান হবে না। উপকার করতে চাইলে অর্থনৈতিক নিয়মে করতে হবে। সুদের হার কম হলে তা টাউট-বাটপাররা লুটেপুটে খাবে।"
"আর সুদে লাভ হলে ইউনূস তা নিয়ে যান না। গ্রাহকরাই সেটা পায়", বলেন আকবর।
গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত কী হবে- তা নির্ধারণের দায়িত্ব এর ৮৩ লাখ গ্রাহকের ওপর ছেড়ে দিতে সরকারকে বলেন তিনি।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম।
আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, প্রকৌশলী সুলতান মাহমুদ ও দৈনিক প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।
অধ্যাপক সিরাজ উদ্দিন বলেন, কারো বিপক্ষে ব্যক্তিগতভাবে আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। ড. ইউনূসের তত্ত্ব, কর্মপরিধি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কখনো কাম্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24