ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াহিদুল হক জাতীয় শিশু আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীতে এক বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকাল ১১টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার।
এর আগে বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী এ উৎসবের উদ্বোধন করেন। সারাদেশের ৪২টি আবৃত্তি সংগঠনের এক হাজারেরও বেশি শিশুশিল্পী এবারের উৎসবে অংশ নিচ্ছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
শুক্রবার সকালে মুখোশ পরে ঢোল-বাদ্য বাজিয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে বের হয় শিশুরা। শিখা চিরন্তন হয়ে আবার একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয় এ শোভাযাত্রা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী শোভাযাত্রার শুরুতে বলেন, আবৃত্তির মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে ও শিল্পকলা একাডেমীর সহযোগীতায় ৯ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২৩২৯ ঘ.
bdnews24