ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
দাম্পত্য কলহের জেরে শুক্রবার বিকালে গোকর্ণ গ্রামে গৃহবধূ জেসমিন আক্তার (২৩) নিহত হন বলে পুলিশ জানায়।
সন্ধ্যায় এলাকার লোকজন তার স্বামী আবদাল মিয়াকে আটক করে পুলিশে দেয়।
জেসমিরে বাবা উপজেলার হরিণবেড় গ্রামের আলী আজগর সাংবাদিকদের বলেন, যৌতুকের জন্য জেসমিনকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়।
এর জেরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বলেন, স্ত্রী হত্যার কথা স্বামী আবদাল মিয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি।
এদিকে জেসমিনের স্বামী আবদাল সাংবাদিকদের জানান, ছয় বছর আগে বিয়ের পর তিনি প্রবাসে চলে যান। ফিরে আসার পর এলাকার লোকজন স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বললে তাদের দাম্পত্য কলহ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24