২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজডুবি তদন্তে কমিটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ আংশিক ডুবে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ আংশিক ডুবে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। নৌ-বাণিজ্য অধিদপ্তরের (মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট) ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার সিরাজুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুসদস্য হলেন- চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন রহমত উল্লাহ ও চট্টগ্রাম কোস্টগার্ডের একজন প্রতিনিধি। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের প্রতিনিধি এখনো নির্ধারণ করেনি। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর কোরিয়ান পতাকাবাহী জাহাজ হায়াং রো বংয়ের পেছনের অংশ কাত হয়ে ডুবে আছে। "জাহাজের স্থানীয় প্রতিনিধি ফরচুন শিপিং লিমিটেডকে জাহাজটি উদ্ধারের জন্য বলা হয়েছে।" বুধবার রাত ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজের কাছে দেশীয় জাহাজ এমভি বঙ্গ লঙ্কার ধাক্কায় সরকারি চালবাহী জাহাজ এমভি হায়াং রো বং আংশিক ডুবে যায়। ডুবে যাওয়ার পরপর জাহাজটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে। জাহাজের ৪১ নাবিকের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জাহাজটি ১৩ হাজার ৪৯২ মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এ চালের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩০ ঘ.