নেত্রকোনা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে শিক্ষিকা রাজি না হওয়ায় নেত্রকোনায় একটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে প্রভাবশালী এক ব্যক্তির ছেলে। এ কারণে দুদিন ধরে খোলা মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা।
বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের কান্দাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে তালা ঝুলছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ইদ্রিস আলীর ছেলে স্বপন মিয়া এ তালা ঝুলিয়েছে।
ঘটনাটি নজরে এসেছে উপজেলা প্রশাসনেরও। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরউদ্দিন সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পুলিশকে বলা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের শিক্ষিকা এক শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো স্বপন। কিন্তু ওই শিক্ষিকা রাজি না হওয়ায় বুধবার সকালে স্বপন সদলবলে এসে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং সাইনর্বোড ও পতাকা তুলে নিয়ে যায়।
এতে বাধা দিতে গিয়ে প্রধান শিক্ষিকা শাহানা আক্তারসহ কয়েকজন আহত হন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ওই বিদ্যালয়ে যান। তখন স্বপনের বড় ভাই রুকন মিয়া ইউএনওর কাছে অঙ্গীকার করেন, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ের সাইনবোর্ড ও পতাকা ফেরত দেওয়া হবে। তবে তা ফেরত দেওয়া হয়নি।
স্বপনকে প্রত্যাখ্যানকারী শিক্ষিকার বাবা জানান, বিষয়টি লিখিতভাবে ইউএনওকেও জানানো হয়েছে।
ইউএনও বলেন, "ঘটনার সঙ্গে যৌন হয়রানির বিষয় জড়িত থাকায় আমরা গুরুত্ব সহকারে পদক্ষেপ নিচ্ছি। থানায় মামলা করতে আাজ (বৃহস্পতিবার) উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছি।"
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯২০ ঘ.
bdnews24