২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী পুনর্বিবেচনার আবেদনে আদেশ ১১ মে

পঞ্চম সংশোধনী বিষয়ে সরকার পক্ষের পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আগামী ১১ মে আদেশের দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বিষয়ে সরকার পক্ষের পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আগামী ১১ মে আদেশের দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের পক্ষে আজমালুল হোসেন কিউসি, ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের পক্ষে তৌফিক নেওয়াজ বক্তব্য রাখেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, "মার্শাল ল' প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান সংশোধনকে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এ ব্যাপারে আপিল বিভাগের (কিছু পরিবর্তনসহ) রায়ের মধ্যে সামরিক শাসনামলের কিছু কাজকে মার্জনা করা হয়েছে। আমরা এর বিরোধিতা করে হাইকোর্টের রায়কে পুনর্বহালের দাবি জানিয়েছি।" সামরিক শাসনামলের বিষয়ে হাইকোর্টের রায়কেই যথার্থ ও সঠিক বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের করা একটি রিট আবেদনের রায়ে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করে আদালত। তখনকার অ্যাটর্নি জেনারেল ওইদিনই এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ক্ষমতার পালাবদলে সরকারের এক আবেদনে গত ৩ জানুয়ারি আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেন। তবে তখনকার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থী তিন আইনজীবী এই রিটে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেন। তবে হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল বিভাগের কিছু পর্যবেক্ষণ যোগ করা হয় ওই আদেশে। তখনকার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ ওই আদেশের মাধ্যমে সামরিক শাসনকে বেআইনী ঘোষণা করলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলে। সরকার পক্ষ গত ১৪ মার্চ আপিল বিভাগের আদেশের ওই অংশটি প্রত্যাহারের আবেদন করে। এ আবেদনের ওপর শুনানিতে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "মার্শাল ল' জারি করে ক্ষমতা দখল, সংবিধান সংশোধন অবৈধ হলে ওই সময়ের সব কিছুই অবৈধ হবে।" তার মতে, বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলার রায়ের পর পরামর্শ নেওয়ার বিষয়টি এখন প্রথা হয়ে গেছে। কাজেই সংবিধানের ১১৬তম অনুচ্ছেদ চতুর্থ সংশোধনীতে ফিরে গেলেও কোনো সমস্যা হবে না। এ সময় আদালত জানতে চান, সংবিধানে বিধান থাকলে প্রথার ওপর কেনো নির্ভর করতে হবে? সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদে নিু আদালতের বিচারকদের নিয়োগ ও পদোন্নতি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পঞ্চম সংশোধনীতে বলা হয়েছে, এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে হবে। আর আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে সংশ্লিষ্ট অনুচ্ছেদের ক্ষেত্রে ১৯৭২ সালের বিধান পুনর্বহালের বিষয়টি বিবেচনায় নিতে সংসদকে পরামর্শ দেওয়া হয়। ১৯৭২ এর সংবিধানে বলা হয়েছিল- প্রধান বিচারপতিই এসব নিয়োগ দেবেন। এ সম্পর্কে আদালত বলেন, সরকার অন্য বিষয় নিয়ে উদ্বিগ্ন। পর্যবেক্ষণে যে পরামর্শ দেওয়া হয়েছে সে বিষয়ে নয়। শুনানিতে আজমালুল হোসেন কিউসি মুন সিনেমা হলের মালিকানা ফেরত দেওয়ার আবেদন করেন। তিনি বলেন, পঞ্চম সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় স্থগিত করে বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। এ সময় আদালত বলেন, 'আমরা কোনো পরস্পর বিরোধী মত দিতে পারি না।' মুন সিনেমা হলের মালিকানা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ওই হলকে ১৯৮২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দিয়েছে। তারা সেটি ২০০১ সালে একটি 'ডেভেলপার কোম্পানির' কাছে হস্তান্তর করে। মামলাটি হয়েছে ২০০২ সালে। আর রায় হয়েছে ২০০৫ সালে। এর মধ্যে এটা আবার হস্তান্তর হয়েছে। এখন মুন সিনেমা হলের মালিক পক্ষ ক্ষতিপূরণ পেতে পারে। এ সময় আদালত বলেন, তাহলে দুই পক্ষ নিজেরাই এর নিষ্পত্তি করে নিতে পারে। আদালত রিট এখতিয়ারে জমির মালিকানা নির্ধারণ করতে পারে না। তৌফিক নেওয়াজ বলেন, নিজের রায় পুনর্বিবেচনার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। তবে সংসদ নিজস্ব বিবেচনায় কাজ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে/১৮৪৩ ঘ.