২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পুলিশের মৃত্যুর পর আরিচা সড়ক অবরোধ

মানিকগঞ্জে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর জনতার অবরোধে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

মানিকগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর জনতার অবরোধে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। জেলা পুলিশ লাইনের সামনে সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় আহত হন সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম (৪৫)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। সাইফুলের মৃত্যুর খবর শুনে বেলা পৌনে ১টার দিকে রাস্তায় নেমে আসে স্থানীয়রা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর থানার এএসআই সাইফুল মটর সাইকেলে চড়ে পুলিশ লাইন থেকে থানার দিকে যাচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত সাইফুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর থানার ওসি আবু তাহের। সাইফুলের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বৈন্নীকিশোরী গ্রামে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন। ওসি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের গ্রেপ্তার এবং গতিরোধক নির্মাণের দাবিতে জনতা সড়ক অবরোধ করলেও পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয়। সোয়া ২টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক। পুলিশ বাসটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.