রাজশাহী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি স্কুলে তেঁতুলের আচার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে ১৫ জনকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইছহাক আলী সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের এ অবস্থা হয়েছে। এখন তারা আশঙ্কামুক্ত।
স্কুলের প্রধান শিক্ষক আইরিন পারভীন জানান, সকালে স্কুলে আসার পর কয়েক শিক্ষার্থী এক ফেরিওয়ালার কাছ থেকে তেঁতুলের আচার এবং নিমকি কিনে খায়। এরপর তারা পেটে ব্যথা অনুভব করে এবং কয়েকজন বমি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭০৫ ঘ.
bdnews24