ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ছিড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল' স্লোগানকে সামনে রেখে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় গণসঙ্গীত উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গণসঙ্গীত সমন্বয় পরিষদ এই উৎসবের আয়োজন করেছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর জানান, উৎসব উপলক্ষে সারাদেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে।
শুক্রবার বিকালে কুমিল্লার টাউন হলে শুরু হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় উৎসব। সংগীত শিল্পী অজিত রায় উৎসবের উদ্বোধন করবেন। উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
এরপর ৫-৭ মে রাজশাহী ও রংপুর বিভাগের অনুষ্ঠান হবে দিনাজপুরে, ১৯-২১ মে খুলনায় হবে বরিশাল ও খুলনা বিভাগের অনুষ্ঠান। এছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরে অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় উৎসব।
জুন মাসের শেষ সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের মধ্য দিয়ে উৎসব শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হায়দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/আরএ/১৬০৭ ঘ.
bdnews24