শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অপরাধে আটক যানবাহনের 'জেলখানা' বা ডাম্পিং স্টেশন থাকলেও এগুলোর ভবিষ্যত নির্ধারণে সরকারের কোনো নীতিমালা নেই।
মামলার কারণে এসব যানবাহন নিলামে তোলা যায় না। ফলে শয়ে শয়ে গাড়ি খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। চুরি হচ্ছে যন্ত্রাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, আদালত রায় না দেওয়া পর্যন্ত এসব গাড়ির ভবিষ্যত নির্ধারণের কোনো উপায় নেই। তাই নষ্ট বা চুরি হলেও এর কোনো দায়-দায়িত্ব তাদের নয়।
রাজধানীর শেরে বাংলা নগর থানা সংলগ্ন মাঠে এরকমই একটি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত নতুন-পুরনো বাহন। রোদ-বৃষ্টির অত্যাচার আর চোরদের তৎপরতায় অনেক গাড়িরই এখন কঙ্কালদশা। বেশকিছু গাড়ি মাটিতে বসে গেছে। অসংখ্য রিকশা মাটিতে মিশে যেতে বসেছে।
২০০৯ সালের ৩ অগাস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজধানীতে ১২ হাজার ৮৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানো হয় ৫৮৩টি। এসব মামলায় জরিমানা হিসাবে আদায় করা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ৮শ টাকা। ১৮৬ জন আসামিকে দেওয়া হয়েছে কারাদণ্ড।
শেরে বাংলা নগরের ডাম্পিং গ্রাউন্ডের দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট অসীম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্সবিহীন, চোরাই, সড়কে চলার অনুমতি না থাকা, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, মিটার না মানা, প্রাইভেট গাড়ি ভাড়ায় চালানো, বিকল হয়ে রাস্তায় পড়ে থাকা, ফিটনেস না থাকা, ঘাতক ও ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনগুলোকে আটক করে এখানে রাখা হয়।"
এসব যানবাহনের মধ্যে কোনো কোনোটি পাঁচ থেকে ছয় বছর আগে আটক করা হয়েছে বলে এই ট্রাফিক সার্জেন্ট জানান।
এসব গাড়ি খোলা আকাশের নিচে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ট্রাফিক পুলিশের নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সে জন্য বিআরটিসির জায়গায় গাড়িগুলো রাখা হয়েছে।
স্থান সঙ্কুলান না হওয়ায় ট্রাফিকের পশ্চিম জোন থেকে আটক গাড়ির বেশ কিছু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়ের সামনের ফাঁকা রাস্তায় রাখা হয়েছে বলেও জানান অসীম শিকদার।
ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম) ইলিয়াছ শরীফ জানান, তুলনামূলক 'ছোট' অপরাধে আটক বেশিরভাগ গাড়ির মালিক ট্রাফিক কার্যালয়ে রেকার বিল ও জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করে গাড়ি নিয়ে যান।
"তবে গুরুতর অপরাধে যেসব গাড়ির বিরুদ্ধে থানায় মামলা হয়, রায় না হওয়া পর্যন্ত সেগুলোর স্থান হয় ডাম্পিং গ্রাউন্ডে। কোনো মামলা আদালতে না গড়ালে কতদিন পর তা নিলামে দেওয়া যাবে- সে বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় নষ্ট হয়ে গেলেও আমাদের কিছু করার নেই।"
মামলা নিষ্পত্তির হার সম্পর্কে জানতে চাইলে ইলিয়াছ বলেন, আদালতে এসব মামলা খুব কমই নিষ্পত্তি হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকায় বর্তমানে প্রায় পাঁচ লাখ যানবাহন চলাচল করছে। রাজধানীর রাস্তায় প্রতিদিন নতুন করে নামছে ২৩০টি গাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এএল/জেকে/১৬০১ ঘ.
bdnews24