ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে পরিবর্তন আসছে, আর নতুন পাঠ্যক্রম ২০১৩ সাল থেকেই চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে শিক্ষাক্রম পরিবর্তন ও সংস্কারে গঠিত সাবকমিটি খসড়া দলিল হস্তান্তর করেছে।
প্রাথমিকভাবে মাধ্যমিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন একটি বিষয় সংযোজন এবং দুটি বিষয়ের আংশিক পরিবর্তন করা হবে, যা ২০১২ সাল থেকেই পড়তে হবে বলে মন্ত্রী জানান।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে সমাজ বিজ্ঞানের পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। শুধু ষষ্ঠ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ তিনটি বিষয়ের মোট সাতটি বই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যুক্ত হচ্ছে।
২০১৩ সালে পুরো শিক্ষাক্রমই পরিবর্তন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য যুগোপযোগী শিক্ষাক্রম তৈরির কাজ চলছে।
তিনটি সাব কমিটির দেওয়া খসড়ার সুপারিশ নিয়ে মূল কমিটি যাচাই-বাছাই করে তা বাস্তবায়ন করবে বলে জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প (এসইএসডিপি) যৌথভাবে এ শিক্ষাক্রম প্রণয়নে কাজ করছে।
প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি শিক্ষার্থীরা অধ্যয়ন করবে।
অনুষ্ঠানে সাবকমিটির প্রধান অধ্যাপক সুরাইয়া পারভীন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা দান করতে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টির ওপর এখন থেকেই গুরুত্ব দিতে হবে। নতুবা সম্পূর্ণ নতুন এবং বিজ্ঞানভিত্তিক এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ভীতি জন্মাতে পারে।
অনুষ্ঠানে বাংলা বিষয়ক সাবকমিটির প্রধান অধ্যাপক মাহবুবুল হক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কমিটির প্রধান অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি স্ব স্ব খসড়ার সুপারিশ শিক্ষামন্ত্রীর কাছে জমা দেন।
সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা বাংলায় ২০০ নম্বর এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ১০০ নম্বরের বাংলা পড়ে। কমিটি উভয় ধারায় ১৫০ নম্বর করার সুপারিশ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা নীতি প্রণয়ন কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, এসইএসডিপির প্রকল্প পরিচালক রতন কুমার রায় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24