মাদারীপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা নিয়ে স্থানীয়দের সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার টেকেরহাট বন্দরে এ সংঘর্ষ চলে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের টেকেরহাট বন্দরের প্রাইভেট ক্লিনিক ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- হারুন (৩০), শের আলী (৩২), মেরাজুল (৩০), ইমাম (২৫), মন্না খা (৪০), জাকির খান (৩০) ও নজরুল খান (৩২)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামের দুখু মিয়ার জমিতে আমগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমির খান স্থাপনা নির্মাণ করতে গেলে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। জমিরের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
এসময় ছবি তুলতে গিয়ে ইটের আঘাতে স্থানীয় সাংবাদিক হোসেন ইমন আহত হন।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24