২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

ফেনীতে 'অপহৃত' এক মাদ্রাসা ছাত্রীকে রাজশাহীর দুর্গাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 07:25 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

রাজশাহী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে 'অপহৃত' এক মাদ্রাসা ছাত্রীকে রাজশাহীর দুর্গাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার শালঘরিয়া গ্রাম থেকে ৯ বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রামের স্বর্ণকার হবিবুর রহমানের বাড়ি থেকে ওই সময় মুহিব্বুল্লাহ (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়। মুহিব্বুল্লাহ ফেনী জেলা শহরের ডাক্তারপাড়ার আল হেরা একাডেমির শিক্ষক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরার এলাকায়। মেয়েটির বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার চণ্ডিপুর দুধমুখা এলাকায়। জেলা শহরের চাড়িপুর খাদিজাতুল কোবরা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। রাজশাহীর দুর্গাপুর থানার ওসি ওহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২৮ মার্চ ফেনী সদরের হাজারী পাড়া এলাকা থেকে মাদ্রাসা ছাত্রীটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। তিনি মুহিব্বুল্লাহকে আসামি করে ফেনী থানায় একটি মামলা করেন বলে জানান ওসি। মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি মেয়েকে নিয়ে বাড়ি থেকে মাদ্রাসায় আসছিলেন। ফেনী শহরে পৌঁছার পর মুহিব্বুল্লাহর সঙ্গে দেখা হলে মেয়েকে তার কাছে রেখে আসরের নামাজ পড়তে যান। ফিরে এসে আর মেয়ে ও শিক্ষকের খোঁজ পাননি। এদিকে শিক্ষক মুহিব্বুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে বলেন, শরীয়ত মোতাবেক গত বছরের নভেম্বর মাসে তিনি মেয়েটিকে বিয়ে করেছেন। কিন্তু মেয়েটি তা অস্বীকার করেছে বলে ওসি জানান। ছাত্রী ও শিক্ষককে এখন থানায় রাখা হয়েছে। পরে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ফেনী থানা পুলিশ বিষয়টি তদন্ত করবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০১১৩ ঘ.