২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবিতে টাঙ্গাইলে আদিবাসীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

টাঙ্গাইল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবিতে টাঙ্গাইলে আদিবাসীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। বুধবার জেলা শহরে ১৪টি আদাবাসী সংগঠন যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকশ' আদিবাসী মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর কাছে হস্তান্তর করে। বেলা সাড়ে ১২টার দিকে একটি শোভাযাত্রা নিয়ে তারা প্রেসক্লাব এসে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। তিনি বলেন, সারাদেশে ৪৫টি ক্ষুদ্র জাতিসত্তার ৩০ লাখ আদিবাসী রয়েছে। "এরা সাংবিধানিক স্বীকৃতি বঞ্ছিত", বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরো বলা হয়- ইতোমধ্যে বিভিন্ন আদিবাসী সংগঠন, আদিবাসী বিষয়ক পার্লামেন্টারি ককাস এবং সরকারি দলের পাঁচজন আদিবাসী সংসদ সদস্য এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে এসব দাবি লিখিতভাবে জানিয়েছেন। তারা মধুপুর বনাঞ্চলে ১৯৮৪ সালে ঘোষিত গেজেট, ১৯৮২ সালের আটিয়া অধ্যাদেশ বাতিল করার দাবি জানান। তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমি মালিকানা, বন আইনে আদিবাসীদের প্রথাগত অধিকার প্রভৃতি। সংবাদ সম্মেলনে আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরাম সভাপতি অজয় এ মৃ, আচিক মিচিক সোসাইটির সভানেত্রী মালতী নকরেক, আবিমা ইউথ এসোসিয়েশন'র (আজিয়া) বাবুল ডি নকরেক, অধ্যক্ষ শামসুল হুদা, নিজেরা করি'র বিভাগীয় সভাপতি খন্দকার শামসুল আলম উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৪১ ঘ.