২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের নিয়ে ফারুকের বক্তব্য প্রত্যাহারের দাবি

সংবাদকর্মীদের নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বক্তব্যকে 'আপত্তিকর' ও 'দায়িত্বহীন' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বক্তব্যকে 'আপত্তিকর' ও 'দায়িত্বহীন' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ লবণ-শিল্প উৎপাদক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে ফারুক খান বলেন, বাংলাদেশের সাংবাদিকেরা আল্লাহর বিশেষ সৃষ্টি। তাদের উদ্দেশ্য ব্যবসায়ীদের চেয়েও খারাপ। তারা মিথ্যা কথা লিখে পত্রিকার কাটতি বাড়ান। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খানও বাণিজ্যমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের নিয়ে বাণিজ্যমন্ত্রীর এ ধরনের ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বাংলাদেশের গণমাধ্যমগুলোর দুর্বলতা থাকলেও পাশাপাশি অনেক ভালো দিকও রয়েছে। গণতন্ত্রের জন্য এ দেশের গণমাধ্যমের উল্লেখযোগ্য অবদান রয়েছে।" অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বাংলাদেশ প্রতিনিধি ফরিদ হোসাইন বলেন, বাণিজ্য মন্ত্রীর এ বক্তব্য নিন্দনীয় ও দুঃখজনক। দ্রব্যমূল্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মন্ত্রী ক্ষোভ থেকে এ ধরনের মন্তব্য করেছেন বলে মনে করেন ফরিদ। "যারা এ ধরনের মন্তব্য করে, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হন," যোগ করেন তিনি। যুক্ত বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ এবং ডিইউজের (একাংশ) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২০৬ ঘ.