২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ লাখ সাধারণ বাল্ব ধ্বংস করেছে পবিস

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় তিন লাখ সাধারণ (আইএল) বৈদ্যুতিক বাল্ব ধ্বংস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

গাজীপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় তিন লাখ সাধারণ (আইএল) বৈদ্যুতিক বাল্ব ধ্বংস করেছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ভুরুলিয়া সাব-স্টেশনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব বাল্ব ধ্বংস করা হয়। পরে ধ্বংস করা বাল্বের ক্যাপ ও কাচের গুড়া প্রতিকেজি দেড় টাকা করে বিক্রি করা হয় বলে পবিস কর্মকর্তারা জানান। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছর গ্রাহকদের কাছ থেকে আইএল বাল্ব নিয়ে তার বদলে বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং বাল্ব (সিএফএল) দেওয়া হয়। অধিক বিদ্যুৎ খরচের ওইসব বাল্ব যাতে গ্রাহকরা আর ব্যবহার না করে সেজন্য প্রত্যেককে দু'টি সাধারণ বাল্বের পরিবর্তে দু'টি করে সিএফএল বাল্ব দেওয়া হয়েছে। "সরকারি নির্দেশে আইএল বাল্বগুলো বস্তায় ভরে রোলার চাপা দিয়ে ধ্বংস করা হয়," বলেন সৈয়দ ওয়াহিদুল ইসলাম। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে এসব বাল্ব সংগ্রহ করা হয় বলে জানান তিনি। বাল্ব ধ্বংস করার সময় সৈয়দ ওয়াহিদুল ইসলাম ছাড়াও কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রশিদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজিএম আব্দুর রশিদ বলেন, ধ্বংস করা বাল্বগুলোর ক্যাপ ও কাচের গুড়ো ভাঙ্গারির কাছে দেড় টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া প্রায় ১০ হাজার টাকা এই ভাঙার কাজেই ব্যয় হয়ে যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১০৩ ঘ.