ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের ফরেনসিক পরীক্ষাগারের প্রতিবেদন আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহাকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
র্যাবের ফরেনসিক পরীক্ষাগারের প্রতিবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানার পরই এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মতামতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫১০ ধারা অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য প্রতিষ্ঠিত ফরেনসিক ল্যাবে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে অপরাধের বিভিন্ন প্রকার আলামতের পরীক্ষা শেষে যে প্রতিবেদন তৈরি করা হয় তা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করা যেতে পারে।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরার র্যাব সদরদপ্তরে আধুনিক সরঞ্জাম নিয়ে ফরেনসিক পরীক্ষাগারের কার্যক্রম প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে।
২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে র্যাব প্রতিষ্ঠা হয়। দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার তরফ থেকে এ বাহিনীর বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।
সোহায়েল বলেন, এই পরীক্ষাগারে মাদক, ভিসেরা, আঙুলের ছাপসহ আনুষঙ্গিক সব পরীক্ষা করা সম্ভব। আগে এসব পরীক্ষা করা হতো। তবে আইনগত সমস্যা থাকার কারণে আদালতে প্রতিবেদন দাখিল করা যেত না।
সোহায়েল জানান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনেও ফরেনসিক বিভাগ আছে। এতদিন এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন আদালতে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে।
র্যাবের প্রতিবেদন আদালতের গ্রহনযোগ্যতা সংক্রান্ত কোন নির্দেশনা তারা বুধবার সন্ধ্যা পর্যন্ত পাননি বলে জানান সোহায়েল।
নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ নির্দেশনার ফলে মাদক ও অন্যান্য অপরাধে ফরেনসিক প্রতিবেদন দ্রুত আদালতে উপস্থাপন করা যাবে, মামলা নিস্পত্তিও হবে দ্রুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/এএল/এমআই/পিডি/২১০৮ ঘ.
bdnews24