২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হামলায় ১০ পুলিশ আহত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ১০ পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ১০ পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় পুলিশের দু'টি অস্ত্র কেড়ে নেয়া হয়, পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে। ওই এলাকায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ করতে গেলে আয়োজকরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু প্রভাবশালী যাত্রার নামে প্রতিদিন সন্ধ্যার পর আড়ালিয়া গ্রামে জুয়া খেলার আসর বসায়। রাত গভীর হলে চলে অশ্লীল নৃত্য। যাত্রার জন্য প্রশাসনের কোনো অনুমতিও নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইটনা থানার ওসি কাজী আবুল হাসেম সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব বন্ধ করার নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত আয়োজকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ মারধর করে এবং পুলিশের দু'টি অস্ত্র ছিনিয়ে নেয় বলে জানান ওসি। তিনি জানান, পরে ইটনা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এবং অস্ত্র দু'টি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। হামলায় গুরুতর আহত উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, কনস্টেবল আকবর, কনস্টেবল রফিক, কনস্টেবল সলিমুর রহমান ও কনস্টেবল মঈনুদ্দিনকে ইটনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার পর কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও তাড়াইল থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ আড়ালিয়া গ্রামে অভিযান চালায়। হামলাকারীরা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.