বরিশাল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা এক জেলে নিখোঁজ রয়েছে। আহত হয়েছে এক জেলে।
মঙ্গলবার রাতে জয়ন্তী নদীর চরকালেখা ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রাজানায়।
নিখোঁজ জেলের নাম রাজ্জাক চৌকিদার (৪০)। তিনি চরকালেখা ষোলঘর এলাকায় মোসলেম চৌকিদারের ছেলে।
আহত জেলের নাম শাখাওয়াত হোসেন চৌকিদার (৩৮)। তিনি নিখোঁজ রাজ্জাকের ছোট ভাই। তিনি মুলাদি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
চরকালেখা ষোলঘর এলাকায় কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে জয়ন্তী নদীতে মাছ শিকার করতে যায় দুই সহোদর রাজ্জাক ও শাখাওয়াত। রাতে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকার ওপর উঠে গেলে এটি ডুবে যায়।
শাখাওয়াত আহত অবস্থায় সাঁতরে কূলে উঠতে পারলেও রাজ্জাক পারেনি বলে কবির জানান।
এ বিষয়ে মুলাদী থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে এক জেলে নিখোঁজ এবং অন্য একজ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24