ছায়াহীন এক পৃথিবীতে মিষ্টি
বাসায় স্বজনদের আনাগোনা। মাঝে মধ্যে ভেসে আসছে কান্নার শব্দ। এরই মধ্যে ছয় বছরের মেয়ে রাদিকা প্রতিতি বন্ধুদের সঙ্গে খেলছে। ১৫ মাস বয়সী ছেলে জজ ঘুরে বেড়াচ্ছে কোল থেকে কোলে। আর রেবেকা হোসেন মিষ্টিকে (২৯) শান্ত করতে পারছে না কেউ।
ছয় বছর বয়সে মাকে হারান মিষ্টি। বিয়ে হওয়ার পরপরই মারা যান বাবা। কোনো ভাইবোনও নেই। সোমবার ডিআর কঙ্গোয় জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন স্বামী মেজর কে এম জিয়াউল হক। রাজধানীর বনানীতে তাদের ছিমছাম বাসাটিতে এখন শুধুই শোক।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৩৩ জন যাত্রী নিয়ে জাতিসংঘের ওই বিমানটি কঙ্গোর গোমা থেকে রাজধানী কিনসাসায় যাচ্ছিল। অবতরণের সময় ভারি বর্ষণের কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
এতে বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল (ক্লার্ক) মো. ইউনুস মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মেজর কে এম জিয়াউলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই দুই বাংলাদেশিসহ মোট ১০ জন শান্তিরক্ষীর মৃত্যু হয় এ দুর্ঘটনায়।
জিয়াউলের মামা মো. আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর ২৮ এপ্রিল জাতিসংঘের শান্তি মিশনে কঙ্গো যান জিয়াউল। আগামি অক্টোবরে মিশন শেষে তার দেশে ফেরার কথা ছিলো।
"গত সোমাবার সকালে মিষ্টির সঙ্গে সর্বশেষ মোবইল ফোনে কথা হয় জিয়াউলের। ও জানিয়েছিল- সামনের মাসে ছুটি নিয়ে একবার দেশে আসবে।"
দুই ভাই, তিন বোনের মধ্যে জিয়াউল চতুর্থ। স্থায়ী নিবাস নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার লাদুরচর (মজমপুর) গ্রামে। কঙ্গো যাওয়ার সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে দায়িত্বরত ছিলেন তিনি।
ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি পাস করার পর ১৯৯০ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউল। ২০০০ সালে জাতিসংঘ শান্তি মিশনে এক বছরের জন্য কুয়েতে ছিলেন তিনি।
গত বছর কঙ্গো যাওয়ার পর গত সেপ্টেম্বরে ছেলেকে দেখতে একবার দেশে এসেছিলেন এই মেজর। স্ত্রী-পুত্র-কন্যার সঙ্গে সেটাই তার শেষ দেখা।
আমিনুল হক জানান, স্বামীই ছিলো মিষ্টির একমাত্র অবলম্বন। সেও মারা যাওয়ায় একেবারে ভেঙে পড়েছেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সেনা সদস্যের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন।
জাতিসংঘের আনুষ্ঠানিকতা শেষে জিয়াউল ও ইউনূসের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
