২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: রংপুর সরকারি খামারে ১০ হাজার মুরগি নিধন

রংপুর সরকারি হাঁস-মুরগি খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় প্রায় ১০ হাজার মুরগি মাটিতে পুতে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

রংপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সরকারি হাঁস-মুরগি খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় প্রায় ১০ হাজার মুরগি মাটিতে পুতে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর এসব মুরগি নিধন করে। একইসঙ্গে খামারের আশপাশে ৫ কিলোমিটার এলাকায় বিশেষ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। রংপুর প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক মোকলেসুর রহমান জানান, ওই খামারে শুক্রবার সকালে দেড় শতাধিক মুরগি মারা যায়। শনিবার ও রোববার আরো প্রায় এক হজার মুরগি মারা যায়। মোকলেসুর রহমান জানান, সোমবার খামার কর্তৃপক্ষ মরা মুরগির নমুনা জয়পুরহাট মুখ্য বার্ড ফ্লু নির্নয় কেন্দ্রে পাঠায়। সেখানে বার্ড ফ্লু'র বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা ঢাকায় কেন্দ্রীয় প্রাণিসম্পদ অধিদপ্তরে জানানো হয়। কেন্দ্রীয় প্রাণিসম্পদ অধিদপ্তর মঙ্গলবার খামারের প্রায় ১০ হাজার মুরগি নিধনের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়। এদিকে বার্ড ফ্লু'র খবরে রংপুরের মুরগি খামারিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান খামারপাড়া এলাকার 'নয়ন পোল্ট্রি খামার'-এর মালিক সালামত উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০৭ ঘ.