২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের সংবাদ সম্মেলন স্থগিত

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকার আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হারার পর সংবাদ সম্মেলন ডেকে পরে তা স্থগিত করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকার আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হারার পর সংবাদ সম্মেলন ডেকে পরে তা স্থগিত করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। সেখানে সাংবাদিকরা পৌঁছনোর পর বিকাল সাড়ে ৪টার দিকে জানানো হয়, সংবাদ সম্মেলন হবে না। সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয়ক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরে সংবাদ সম্মেলন হলে তা জানানো হবে। এদিকে ইউনূসের সংবাদ সম্মেলনের কারণে মিরপুর ২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে পুলিশ পাহারা দেখা যায়। সেখানে সাংবাদিক ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না। বিকাল পৌনে ৫টার দিকে র‌্যাব সদস্যরাও সেখানে অবস্থান নেয়। সকালে আপিল বিভাগ ইউনূসের আবেদন খারিজের পরপরই সংবাদ সম্মেলন ডাকেন ইউনূস। তা গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম) জান্নাত ই কাওনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গেলে তাতেও ফল হয়নি। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়। হাইকোর্ট রিট আবেদন খারিজ করলে রায় স্থগিতের আবেদন নিয়ে গত ৯ মার্চ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর গত রোববার আপিলের আবেদন করেন তিনি। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সে আবেদনও খারিজ করলো। আদেশের পর বাংলাদেশ ব্যাংকের কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলে ড. ইউনূস এখন আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআই/এমআই/১৬৪০ ঘ.