ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের (রিক্রুটিং এজেন্সি) সংগঠন সানারকম। এর আওতায় গৃহকর্মী, চালক, নিরাপত্তারক্ষী ও মালিসহ বিভিন্ন খাতে লোক নেবে সৌদি আরব।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার কার্যালয়ে সানারকমের পক্ষে চেয়ারম্যান সাদ নাহার আল-বাদ্দাহ এবং বায়রার পক্ষে সভাপতি মোহাম্মদ আবুল বাশার এই সমঝোতা স্মারকে সই করেন।
পরে আবুল বাশার সাংবাদিকদের বলেন, প্রশিক্ষণ নিয়ে ৩০ বছরের কম বয়সী গৃহকর্মীরা বিনা খরচে সৌদি আরব যেতে পারবেন। আগামী ছয় মাসের মধ্যে দক্ষ পেশাজীবীদের সেখানে চাকরির সুযোগ তৈরি হবে।
এর আগে ২০০৫ সালেও বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে এই দুই সংগঠনের মধ্যে চুক্তি হয়েছিলো। তার সুফল বাংলাদেশ পায়নি।
অবশ্য এবারের চুক্তির আওতায় বাংলাদেশিরা কাজ নিয়ে সৌদি আরবে যেতে পারবেন বলে আশা করছেন বায়রার কর্মকর্তারা।
নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশি গৃহকর্মীরা সৌদি আরবে বিনামূল্যে থাকা-খাওয়া ও যাওয়ার টিকিটের পাশাপাশি মাসিক ৬০০ রিয়াল করে পাবেন। চালকরা পাবেন ৮০০ রিয়াল। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। খাওয়ার জন্য খরচ না দিলে তাদের অতিরিক্ত ২০০ রিয়াল করে দেওয়া হবে।
এছাড়া নিরাপত্তাকর্মী ও মালিরা থাকার সুবিধার পাশাপাশি মাসিক বেতন হিসাবে পাবেন ৬০০ রিয়াল। এর বাইরে খাওয়া খরচ হিসাবে তাদের দেওয়া হবে আরো ২০০ রিয়াল করে।
বর্তমানে প্রতি রিয়ালের মূল্যমান বাংলাদেশি ২০ টাকার কাছাকাছি।
সানারকমের চেয়ারম্যান সাদ নাহার আল-বাদ্দাহ বলেন, বাংলাদেশের নারী কর্মীরা সৌদি আরবে শরিয়া আইনের আলোকে নিরাপত্তা পাবে।
"প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজারের মতো নারী কর্মী সৌদি আরব আসছেন ওই আইনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।"
কতোজন বাংলাদেশি কাজ নিয়ে সৌদি আরবে যেতে পারবে জানতে চাইলে তিনি বলেন, "এটা বলা কঠিন। এ সংখ্যা পাঁচ হাজার বা ২০ হাজারও হতে পারে।"
বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে আলোচনার জন্য সানারকমের প্রতিনিধি দলটি রোববার ঢাকায় আসে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে ২০ লাখের মতো বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১২৯ ঘ.
bdnews24