২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঘুর্ণিঝড়ে নিহত ৩, আহত ৩০

ঘূর্ণিঝড়ে শেরপুর জেলায় দুই মহিলাসহ ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

শেরপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে শেরপুর জেলায় দুই মহিলাসহ ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বাজিতখিলা এলাকার রাজমিস্ত্রি তোফজ্জল হোসেন (৫৫), শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া এলাকার শ্যমলা বেওয়া (৬৫) এবং সদর উপজেলার ডাকপাড়া গ্রামের মোমেনা বেগম (৪৫)। ঝড়ে জেলার ৪ উপজেলায় অর্ধ শতাধিক গ্রামের সহস্রাধিক কাঁচা-ঘরবাড়ি ও গাছপালা লণ্ড-ভণ্ড হয়ে যায়। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোমবার বিকেলে শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার উপর দিয়ে ১০ মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড় বয়ে যায়। শ্রীবরদীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ গড়জরিপা এলাকার পোল্ট্রি ব্যবসায়ী আবুল কালাম জানান, ঝড়ে চাল উড়ে যাওয়ায় তার খামারের আড়াই হাজার মুরগির মধ্যে ৪০০ মুরগি মারা গেছে। গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল মিয়া বলেন, "অনেক লোকজন খোলা আকাশের নীচে রয়েছে।" ঘূর্ণিঝড়ে ধানের চারা মাটিতে মিশে গেছে। ক্ষতি হয়েছে রবি ফসলেরও। উপজেলার পশ্চিম ঘুনাপাড়া গ্রামের শসা চাষী রফিক উদ্দিন জানান, তিনি ৮ কাঠা জমিতে শসা চাষ করেছিলেন। ঝড় এবং বৃষ্টির কারণে পুরো খেতই নষ্ট হয়ে গেছে। ঘুর্ণিঝড়ে এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিশেষ ব্যবস্থায় ৫ ঘণ্টার পর বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলেও এখনো অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। ঝড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৮ ঘ.