২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরা থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বাড়ি দখলের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে রামপুরা থানার ওসি ও দুই এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি দখলের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে রামপুরা থানার ওসি ও দুই এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা জিয়াউন নাহার মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বুধবার এ বিষয়ে আদেশ দেবে। মামলায় আসামিরা হলেন, ওসি মো. সাইদুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) আজগর হোসেন, সাইফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও বাদির মেয়ে শামীমুন নাহার লিপি। মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, মাদকাসক্ত লিপির মাধ্যমে মামলার অন্য আসামিরা গত বছরের ২৭ মার্চ বাদি জিয়াউন নাহারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হয়। আসামিরা ওই বাড়ির অন্য ভাড়াটেদের কাছেও চাঁদা দাবি করে বলে আরজিতে উল্লেখ করা হয়। বাদি জানিয়েছেন, তার এক ভাড়াটে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। জিয়াউন নাহারের আইনজীবী মো. ফুয়াদ হোসেন এবং মো. সাইফুল মালেক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ মামলা করেছি বলে আমাদের বিরুদ্ধেও পুলিশ মামলা করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৭০৭