২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে ১০ হাজার গৃহকর্মী যাবেন সৌদি আরব

প্রাথমিকভাবে বিনা খরচে প্রতিমাসে ১০ হাজার নারী গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। আগামী দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিকভাবে বিনা খরচে প্রতিমাসে ১০ হাজার নারী গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। আগামী দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর (রিক্রুটিং এজেন্সি) মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য এ কর্মী নেওয়া চলবে।" এর আগে মন্ত্রী বাংলাদেশ সফররত সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের সংগঠন সানারকম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সানারকম চেয়ারম্যান সাদ নাহার আল-বাদ্দাহ'র নেতৃত্বে আট সদস্যের ওই প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতও ছিলেন। বৈঠক শেষে খন্দকার মোশাররফ বলেন, দীর্ঘদিন পর সৌদি আরব কর্তৃপক্ষ আবারো বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে। নারী গৃহকর্মীদের যাওয়ার সম্পূর্ণ খরচই বহন করবে সৌদি আমদানিকারক প্রতিষ্ঠান মালিকরা। কোন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্মীদের কাছে থেকে টাকা নিলে লাইসেন্স বাতিল করা হবে। "ইতোমধ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক নারী কর্মীদের তালিকা প্রণয়ন ও প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। দেশের ৪৬টি ডেমো অফিস, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং মন্ত্রণালয় ও বিএমইটি'র টিম এদের তালিকাভুক্ত করছে", যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, "সৌদি কর্তৃপক্ষ প্রতি মাসে অন্ততঃ ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এটা তারা তাদের চাহিদা থাকাকালীন সময় পর্যন্ত নেবে। এজন্য কোনো নির্দিষ্ট সময় থাকবে না।" বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সানারকম-এর প্রতিনিধি দলটি রোববার ঢাকায় আসে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বর্তমানে ২০ লাখের মতো বাংলাদেশি কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৬১৬ ঘ.