২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি লড়াইয়ে চূড়ান্ত হার ইউনূসের

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ বৈধতা পেয়েছে সর্বোচ্চ আদালতেও। এর মধ্য দিয়ে আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হারলেন নোবেলজয়ী এই একমাত্র বাংলাদেশি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ বৈধতা পেয়েছে সর্বোচ্চ আদালতেও, এর মধ্য দিয়ে আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হারলেন নোবেলজয়ী এই একমাত্র বাংলাদেশি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদনের শুনানির পর মঙ্গলবার আপিল বিভাগ তা খারিজ করেছে। সর্বোচ্চ আদালতের আদেশের পর ইউনূসের পক্ষে সংবাদ সম্মেলন ডাকা হলেও পরে তা স্থগিত করা হয়। আদালতের আদেশের পর বাংলাদেশ ব্যাংকের কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশের ফলে ড. ইউনূস আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে নেই। তবে ইউনূসের কৌঁসুলি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "গ্রামীণ ব্যাংকের এমডির পদে ড. ইউনূস আর দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। ব্যাংকটির ৯ পরিচালকের পক্ষে দায়ের করা আরো একটি আপিল আবেদন বিচারাধীন আছে, তার রায় না দেখে কিছু বলা যাচ্ছে না।" ইউনূসকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ ব্যাংকের ৯ জন পরিচালকের রিট আবেদনটিও হাইকোর্ট খারিজ করে। তার বিরুদ্ধে করা আপিলের আবেদনটির শুনানি বুধবার হবে। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এছাড়া ইউনূসের বয়সসীমা অতিক্রান্ত হওয়ার বিষয়টিও তুলে ধরে আসছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গেলে তাতেও ফল হয়নি। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়। হাইকোর্ট রিট আবেদন খারিজ করলে রায় স্থগিতের আবেদন নিয়ে গত ৯ মার্চ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর গত রোববার আপিলের আবেদন করেন তিনি। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সে আবেদনও খারিজ করলো। শুনানিতে ইউনূসের পক্ষে ড. কামাল বলেন, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাকে নোটিশ দিতে হয়। এটাই ন্যায়বিচার। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। রিট আবেদনের ওপর হাইকোর্টের কোনো রুল না দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "আইনের ব্যাখ্যার প্রশ্ন জড়িত থাকলে রুল জারি করতে হয়। কিন্তু এখানে তা করা হয়নি। "১৯৯৩ সালের চাকরির বিধিমালা অনুযায়ী, চাকরির বয়সসীমা ৬০ বছর। কিন্তু তা (গ্রামীণ ব্যাংকের) কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য; ব্যবস্থাপনা পরিচালকের জন্য নয়। কেননা তাকে নিয়োগ দেন পরিচালনা পরিষদ। অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেন ব্যবস্থাপনা পরিচালক। আইনে তাকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।" ড. কামাল ছাড়াও শুনানিতে ইউনূসের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন আজমালুল হোসেন ও তৌফিক নেওয়াজ। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, "ড. ইউনূসের নিয়োগপত্রে বলা হয়েছিলো, আপনি ব্যাংকের একজন নিয়মিত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। "যেহেতু তিনি ব্যাংকটির কর্মকর্তা সেহেতু ৬০ বছরের বিষয়টি তার জন্যও প্রযোজ্য হবে। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের থাকলেও তাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।" ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে ইউনূস ও ব্যাংকের অন্য একজন কর্মকর্তার বয়স ৬০ বছর অতিক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন মাহবুবে আলম। "একজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন বলে তার ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য হবে না- এটা কি ন্যায়বিচার? এটা অরাজক পরিস্থিতি তৈরি করবে। ৬০ বছর বয়স হওয়ার পরেও তার দায়িত্ব পালন অনৈতিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত", বলেন তিনি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এর সমালোচনায় মুখর হয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক স