বগুড়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত হন ওই পরিবারের তিনজন।
রোববার গভীর রাতে গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ সারটিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পিন্টু ওই গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে।
আহত আরেক ভাই রুহুল আমিন, মা আমেনা বেগম ও শেফালী বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পিন্টুর বড়ভাই শফিকুল ইসলাম ঘটিকে (৩২) আটক করেছে। তার কাছ থেকে একটি রামদা জব্দ করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শফিকুল ইসলাম ঘটি প্রায় ছয় বছর আগে শেফালি বেগমকে বিয়ে করেন। এর বেশ কিছুদিন পর শফিকুলের বৈমাত্রেয় ছোট ভাই পিন্টু পালিয়ে শেফালীকে বিয়ে করেন।
কয়েকদিন আগে পিন্টু ও শেফালি বাড়ি ফিরে আসেন।
রোববার রাত ১২টার দিকে পিন্টুর শয়ন ঘরে ঢুকে শফিকুল পিন্টু ও শেফালী বেগমকে দা দিয়ে কোপালে পিন্টু ঘটনাস্থলে মারা যান।
শেফালী আহত হন। এ সময় তাদের বাঁচাতে এলে রুহুল আমিন ও মা আমেনা বেগম আহত হন।
গাবতলী থানার ওসি আব্দুর রশীদ জানান, বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।
নিহতের আরেক ভাই রুবেল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৩ ঘ.
bdnews24