২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী ঝড়ে ছয় জেলায় নিহত ১২

কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও রংপুরে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯০ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে সোমবার বিকালে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও রংপুরে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯০ জন। এর মধ্যে শেরপুরে তিনজন, জামালপুরে তিনজন, ময়মনসিংহে ও রংপুরে দুজন করে এবং ঠাকুরগাঁও ও গাইবান্ধায় একজন করে মারা গেছেন বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলায় ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। এর হলেন- গামারীতলা ইউনিয়নের শাহাদাত (৮) এবং গলইভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (৭০)। আহত ১০ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধোবাউড়া থানার ওসি মীর আলিমুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ নেই। ঠাকুরগাঁও: বিকালে ঝড় ও শিলাবৃষ্টির সময় সদর উপজেলার বিলপাড়া গ্রামে বজ্রপাতে মালেকা বেওয়া (৭০) নামে একজের মৃত্যু হয়। এছাড়া ঝড়ে আহত হন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে কচুবাড়ি গ্রামের ময়না (১৪), দবিরুল (৪৫), বিপাকে (১৭) ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালন্দর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ চৌধুরী জানান, ঝড় শুরু হওয়ার ঠিক আগে ওই বৃদ্ধা বাড়ির উঠোনে কাজ করছিলেন। বজ্রপাতে তার মৃত্যু হয়। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, একজনের মৃত্যুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের ১৫টি গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি, বোর্ডস্কুল ও মাদারগঞ্জ গ্রাম, আকচা ইউনিয়নের কশালবাড়ি, বালিয়া ইউনিয়নের কুমারপুর, বগুলাডাঙ্গী ও সিঙ্গিয়া গ্রাম এবং বড়গাঁও ইউনিয়নের বড়গ্রাম। ওইসব এলাকায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও কয়েকশ' হেক্টর জমির ভুট্টা, গম, বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। কয়েকশ' গাছপালা উপড়ে পড়ে। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক হেক্টরের জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ-পালা ভেঙে আহত হয়েছে অনেক মানুষ। উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, আউলিয়াপুর, ভাতগাঁও, মাদারগঞ্জ, শাসলাপিয়ালা ও কচুবাড়ি গ্রামে শিলাবৃষ্টিতে ভূট্টা, গম ও বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আকচা ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার, বালিয়ার চেয়াম্যান আব্দুস সাত্তার ও বড়গাঁওর চেয়ারম্যান প্রভাত সিংহও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেন। শেরপুর: শেরপুরে দেওয়াল ধসে ও ঘরের চাল চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বিকাল পৌনে ৫টা থেকে ১০মিনিট স্থায়ী ঝড়ে শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলায় এক হাজারের বেশি ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বোরো ফসল ও শাক সবজির ক্ষতি হয়েছে। নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার শ্যামলা বেগম, বাজিতখিলা ইউনিয়নের রাজমিস্ত্রীর যোগালী তোফাজ্জল হোসেন এবং সদর উপজেলার ডাকপাড়া গ্রামের মোমেনা (৪৫)। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, চার উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রাণিশিমূল, তাঁতীহাটা, গোঁসাইপুর, খড়িয়া কাজীর চর, কাকিলাকুড়া, সিংগা বরুনার ক্ষতি বেশি বলে তিনি জানান। সদর উপজেলার চেয়ারম্যান মো. ইলিয়াসউদ্দিন জানান, চর পক্ষীমারী, কামারের চর, চর মুচারিয়া, বাজিতখিলা, পাকুড়িয়া ইউনিয়নে ঝড়ে বহু ঘরবাড়ি গাছপালা পড়ে গেছে। তিনি আরো বলেন, বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় জেলায় বিদ্যুৎ সরবরাহ বিকাল পৌনে ৫ টা থেকে বন্ধ হয়ে যায়। রংপুর: মিঠাপুকুর উপজেলায় ঝড়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে। এরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মর্জিনা খাতুন (৫৫) ও শহিদুল ইসলাম (৭)। পুলিশ জানিয়েছে, বিকাল সোয়া ৫টার দিকে ঝড় শুরু হলে মর্জিনা ও শহিদুল দৌড়ে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গাইবান্ধা: সাঘাটা উপজেলার যুগিপাড়া গ্রামে নিহত হয়েছেন গিরিশ চন্দ্র বর্মন(৪৮)। আহত হন অন্তত ১০ জন। আহত ৫ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকাল ৪টার দিকে শুরু হওয়া ঝড়ে সাঘাটা উপজেলার মুক্তিনগর, ভরতখালি, ঘুড়িদহ, সাঘাটা সদর, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ, শিবপুর, শালমারা, কোচাশহর, মহিমাগঞ্জ, সদর উপজেলার কুপতলা, খোলাহাটি, বোয়ালি ইউনিয়নের প্রায় ২ হাজার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এসব এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি উপড়ে ও তার ছিঁড়ে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে প্রশাসন জানায়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জামালপুর: ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রায় আধঘণ্টা স্থায়ী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে নিহত তিন শিশু-কিশোর হলো- ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের মিয়াবাড়ি গ্রামের ফিরোজ (৩), মনোয়ারা (১৪) ও পাথশী ইউনিয়নের শশারিয়াবাড়ি গ্রামের জেরিন (১৩)। বহু গাছপালা উপড়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে পলবান্ধা, বেলগাছা, চিনাডুলি, পাথর্শী ইউনিয়ন, কুলকান্দি ও ইসলামপুর পৌরসভা এলাকায় অসংখ্য গাছপালা ও কমপক্ষে ৮ হাজার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চিকাজানি, চুকাইবাড়ি, বাহাদুরাবাদ ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, পৌর এলাকার শতাধিক ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.