ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা দায়ের মামলার প্রায় দ্বিগুণ।
সুপ্রিম কোর্টের একটি প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে হাইকোর্টে পাঁচ হাজার ৭৭টি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে নিষ্পত্তি হয়েছে নয় হাজার ৯৩টি। সব মিলিয়ে হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা দুলাখ ৯৩ হাজার সাতশ পাঁচে দাঁড়িয়েছে।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ অক্টোবর বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার সময় হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ছিলো তিন লাখ ৫৩ হাজার দুশ ৩০টি। এ সময়ে নতুন মামলা দায়ের হয় ২৩ হাজার চারশ ৫২টি।
"এই ছয় মাসে দায়ের হওয়া মামলার অতিরিক্ত ৫৯ হাজার ৫২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্বে নিষ্পত্তি হওয়া ৩৯ হাজার ছয়শ ৮১টি মামলাও নিষ্পত্তির তালিকায় ওঠে বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর।
পরিসংখ্যানে দেখা যায়, মার্চ মাসে পাঁচশ ৭০টি দেওয়ানি, তিন হাজার চারশ ২৬টি ফৌজদারি, নয়শ ৬৫টি রিট আবেদন, একশ ১৬টি আদিম দেওয়ানি মামলা দায়ের হয়েছে। এছাড়া ৬৩টি দেওয়ানি, ১১টি রিট এবং ১২টি আদিম দেওয়ানি মামলা পুনর্জীবিত করা হয়েছে।
অন্যদিকে এ মাসে সাতশ ১৯টি দেওয়ানি, সাত হাজার দুশ ৬১টি ফৌজদারি, এক হাজার ৬৪টি রিট এবং ৪৯টি আদিম দেওয়ানি মামলার নিষ্পত্তি হয়েছে।
মাস শেষে হাইকোর্ট বিভাগে ৭৭ হাজার ছয়শ ৭৭টি দেওয়ানি, এক লাখ ৬৩ হাজার নয়শ ৩৭টি ফৌজদারি, ৪৭ হাজার একশ ৬৮টি রিট এবং চার হাজার নয়শ ২৩টি আদিম দেওয়ানি মামলা বিচারাধীন।
হাইকোর্টে বর্তমানে ছয়শ ৪৫টি মৃত্যুদণ্ডাদেশের মামলা বিচারাধীন রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে আটটি মামলা বিভিন্ন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। এছাড়া তিনটি মামলা শুনানির নথি প্রস্তুত করা হয়েছে যা এখনো কোনো বেঞ্চে পাঠানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24