ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার সারাদেশে সমাবেশসহ ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৮ এপ্রিল যশোরে সমাবেশ, ১০-২৫ এপ্রিল সারাদেশে গণসংযোগ, ২০ এপ্রিল ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন, ১০-২৫ মে পর্যন্ত ছয় বিভাগে সমাবেশ করা হবে। এরপর ২৭ মে ঢাকায় মহাসমাবেশ করা হবে।
লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নিজ কার্যালয়ে আমিনী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সোমবারের হরতাল এ সরকারের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরতাল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, স্বত্বফূর্ত হরতাল পালিত হয়েছে।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ডাকা এ হরতাল সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলেও দাবি করেন তিনি।
মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর গত ৮ মার্চ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে হরতাল ডাকেন মুফতি ফজলুল হক আমিনী। এ হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
আমিনী সোমবার বলেন, হাসিনার সরকার হচ্ছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রকারী সরকার।
আমিনী দাবি করেন, হরতাল চলাকালে তাদের প্রায় তিন শতাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া দুই শতাধিক আহত এবং নিখোঁজ রয়েছে পাঁচজন।
"আহতদের মধ্যে ৮৫ জনের অবস্থা গুরুতর।"
আটকদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আমিনী বলেন, নাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/২৩০৮ ঘ.
bdnews24